bar

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম আরো জোরদার করতে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে দিনব্যাপী ব্যামেলর্কো কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। তিনি জানান, সঠিক জ্ঞান ও কার্যকর টুলসের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষম করে তোলার মধ্য দিয়ে প্রিমিয়ার ব্যাংক সততা ও স্বচ্ছতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্বাহী পরিচালক ও উপ-প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। তিনি বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী, ঝুঁকিভিত্তিক ও টেকসই কমপ্লায়েন্স কাঠামো গড়ে তোলা অপরিহার্য।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম. নুরুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ। ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর নীতিগত দিকনির্দেশনা অনুসরণ করে প্রিমিয়ার ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন তিনি।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মো. নকীবুল ইসলাম। দিনব্যাপী এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এস এম ওয়ালি উল মোর্শেদ, মোহাম্মদ আল-আমীন, সাদিয়া এম হান্নান, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ১৫০ জন।

Source: https://www.bonikbarta.com/economy/yKXqQu8ohT9r4spa